মুর্শিদাবাদ: জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে বিধায়কের পরিদর্শন
মুর্শিদাবাদ: জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা পরিদর্শনে শুক্রবার এলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাদের পরিবারদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনে হাসপাতালের একাধিক সমস্যা উঠে আসে, যেমন আবর্জনার স্তুপ, অপরিচ্ছন্নতা এবং বিষাক্ত পার্থেনিয়াম গাছের জঙ্গল। বিধায়ক দীর্ঘদিন ধরে পানীয় জল, শৌচালয় ও বাথরুমের যথাযথ ব্যবস্থা না থাকার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করেন।
গৌরীশংকর ঘোষ এই পরিস্থিতির জন্য বিগত সরকারের গাফিলতিকে দায়ী করেন এবং জানান যে, দ্রুত উদ্যোগ নিয়ে বিধায়ক কোটার অর্থ ব্যবহার করে হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা, আবর্জনা অপসারণ, পার্থেনিয়াম গাছ পরিষ্কার ও পানীয় জল, পায়খানা ও বাথরুমের উন্নত ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করা হবে। তিনি জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার কাছেও সহযোগিতা চেয়েছেন। এছাড়াও চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে চিকিৎসক ও পরিকাঠামোর ঘাটতি মেটানোর চেষ্টা হবে। বিধায়কের এই পরিদর্শন সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।