
ওড়িশায় ৩ বৃদ্ধ বাঙালি মুসলিমকে বাংলাদেশে বহিষ্কার - ১৯৫৬-র নথি থাকলেও মানল না পুলিশ
ওড়িশায় ৩ বৃদ্ধ বাঙালি মুসলিমকে বাংলাদেশে বহিষ্কার - ১৯৫৬-র নথি থাকলেও মানল না পুলিশ
ওড়িশার কেন্দ্রপাড়া জেলা থেকে তিন বৃদ্ধ বাঙালি মুসলিমকে বাংলাদেশে 'ডিপোর্ট' বা বহিষ্কার করার ঘটনায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। মুমতাজ খান (৬৩), তাঁর ভাই ইনসান খান (৫৯) এবং বোন আমিনা বিবিকে (৭০) গত ২৪ ডিসেম্বর বিএসএফ-এর মাধ্যমে ওড়িশা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ওড়িশা পুলিশ একটি লিখিত নোটিশের মাধ্যমে পরিবারকে এই তথ্য জানিয়েছে।
পরিবারের দাবি, ১৯৫৬ সালের জমির দলিল, ভোটার কার্ড এবং আধার কার্ড থাকা সত্ত্বেও তাঁদের জোরপূর্বক বিদেশি সাজিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর কেন্দ্রপাড়ার গড়পুর গ্রাম থেকে ওই পরিবারের ১২ জন সদস্যকে আটক করেছিল পুলিশ। পরে নয়জনকে ছেড়ে দেওয়া হলেও এই তিন বৃদ্ধ নিখোঁজ ছিলেন। পুলিশের দাবি, অভিযুক্তরা 'বাংলাদেশি' হওয়ার কথা স্বীকার করেছেন এবং পশ্চিমবঙ্গ পুলিশের মাধ্যমে ভেরিফিকেশন করার চেষ্টা করা হয়েছিল। তবে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ওড়িশা পুলিশের এই দাবি সরাসরি নাকচ করে জানিয়েছেন যে, তাঁদের কাছে ভেরিফিকেশনের কোনো বার্তা আসেনি। বৈধ নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও এভাবে দেশান্তরী করায় এখন চরম আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবারটি।