logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

রক্তের রং

"রক্তের রং"

কলমে : আসফাক আলি খান ( লালটু )

রক্ত দেখে আনন্দ পাও?
একবার ভালো করে তাকাও—
এই রক্তের রং চেনা লাগে না?

ওহ্, তুমি তো অন্ধ হতে গর্বিত!
তবু এক মুহূর্ত চোখ বন্ধ করো,
ভাবো—চার পুরুষ আগে,
কিংবা তারও আগে,
তোমার দাদুর দাদু
আর আমার দাদুর দাদু—
হয়তো একই উঠোনে হেঁটেছে,
একই কূপ থেকে জল তুলেছে,
হয়তো তারা দুই ভাই ছিল,
নাহয় মামাতো, পিসতুতো—
রক্তের গল্প তখনো বিভক্ত হয়নি।

ধরো, তোমার নিজের ভাই—
সে এক দলে যায়, তুমি আরেক দলে।
সে যা খায়, তুমি তা খাও না।
সে যা বিশ্বাস করে,
তুমি তার ঠিক উল্টোটা।
তাতে কী আসে যায়?
সে কি তোমার ভাই নয়?

তার রক্ত কি তোমার শরীরেই বইছে না?
তার রক্তের রং কি আলাদা?
তার রক্তের গন্ধ
কি তোমার গন্ধের থেকে ভিন্ন?

তবে কেন এই উন্মত্ততা?
কিসের এত হিংস্র উৎসব?

এই সুন্দর পৃথিবী তো সবার—
আকাশ, বাতাস, আলো
কাউকে বেছে নেয় না।
আকাশ কাউকে জিজ্ঞেস করেনা,
বাতাস করো ধর্ম জানেনা ।
শ্বাস নিয়ে বেঁচে থাকার অধিকার
সব মানুষেরই।

মৃত্যু কোনো সমাধান নয়।
মানুষ মরণশীল—
তুমি, আমি, সে—
সবাই একদিন চলে যাব।
তুমিও তো অমর নও।

শেষ তো প্রথম থেকেই
নির্ধারিত !

তবে কেন মেরে
অপরাধী হয়ে যাও?
তবু কেন এমন বোঝা বয়ে নাও—
যা মৃত্যুর আগেই
তোমাকে মানুষের কাতার থেকে
বিচ্ছিন্ন করে দেয়?

একবার আবার রক্তের দিকে তাকাও—
ভালো করে দেখো।
এই রং কারও একার নয়,
এই রক্ত
আমাদেরই।

26
88 views

Comment