রেংটি ও বোয়ালজুর এলাকার অবৈধ মাটি খনন বিরোধে উত্তেজনা, স্থানীয়দের প্রতিবাদ ও হুঁশিয়ারি
রেংটি ও বোয়ালজুর এলাকার গ্রামবাসীরা স্থানীয় ভূমিদস্যু ও মাটি খননকারী চক্রের দৌরাত্ম্যে আতঙ্কিত হয়ে পড়েছেন। অভিযোগ, রাতে রেংটি ইএনডি বাঁধ সংলগ্ন শ্রী শ্রী শ্মশান কালী ও শিব মন্দিরের লাগোয়া ঘাগড়া নদীর পাশের খাস জমি থেকে প্রায় ১০ থেকে ১৫টি গাড়ি দিয়ে অবৈধভাবে মাটি খনন করা হচ্ছিল। এসময় স্থানীয় যুবকরা এগিয়ে এসে বাধা দিলে খননকারীরা তাদের উপর অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন।
এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তারা স্পষ্ট ভাষায় সরকার ও সংশ্লিষ্ট বন বিভাগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘাগড়া নদীর পাশের জমি থেকে এভাবে অবৈধ মাটি খনন চলতে থাকলে তারা জোরালো গণআন্দোলনের প্রস্তুতি নেবেন। এছাড়াও অবৈধভাবে মাটি খননকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। স্থানীয়রা আরও অভিযোগ করেন, শ্মশানকালী মন্দিরের সামনের দিক দিয়ে রাস্তা বানিয়ে তারা কীভাবে মাটি উত্তোলন করছে, সে বিষয়ে মন্দির কমিটির দায়িত্ব রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও রাধামাধব আখড়ার সভাপতি সত্যজিৎ দাস, রেংটি তপশিলি এলপি স্কুলের প্রাক্তন শিক্ষক রঞ্জন কুমার দাস, সমাজকর্মী দ্বিজেন্দ্র চন্দ্র দাস, পরিন্দ্র দাস, সঞ্জয় দাস এবং শ্রী শ্রী শ্মশান কালী ও শিব মন্দিরের ভূমিদাতা কৃষ্ণকান্ত দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।