দীর্ঘ জল্পনার অবসান: অবশেষে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি হলেন অভিষেক দেবরায়।
ত্রিপুরা: দীর্ঘ টালবাহানা এবং অন্তহীন জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন কান্ডারি হিসেবে দায়িত্ব নিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় । বৃহস্পতিবার (২৮ মে, ২০২৬) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদলের ঘোষণা করা হয়েছে । বিদায়ী প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-এর স্থলাভিষিক্ত হলেন ৪৪ বছর বয়সী এই তরুণ নেতা । বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সদর দপ্তরের ইন-চার্জ অরুণ সিং এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেন ।বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই নিযুক্তিতে সিলমোহর দিয়েছেন, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে ।রাজীব ভট্টাচার্যের মেয়াদের সমাপ্তির পর থেকেই কে হবেন পরবর্তী সভাপতি, তা নিয়ে দলের অন্দরমহলে দীর্ঘ জল্পনা চলছিল। অবশেষে সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্বের ওপর ভরসা রাখল দলীয় হাইকমান্ড। নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণার পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা । সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, অভিষেক দেবরায়ের সাংগঠনিক দূরদৃষ্টি ও গতিশীল নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি আরও শক্তিশালী ও সুসংহত হবে। এছাড়াও মন্ত্রী সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায় ও রতন লাল নাথ সহ দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে গৈরিক অভিনন্দন জানিয়েছেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে গোমতী জেলার মাতাবাড়ি কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়া অভিষেক দেবরায়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করা। আসন্ন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কথা মাথায় রেখে কেন্দ্রীয় নেতৃত্ব এই রদবদল করেছে বলে মনে করা হচ্ছে ।অফিসিয়াল ঘোষণাটি বিজেপির জাতীয় সদর দপ্তর থেকে নীতিন নবীনের নির্দেশে জারি করা হয়েছে, যা ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে রাজনৈতিক মহলের ধারণা।