জামিন পেলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, আইনি জয়কে স্বাগত জানাল সংগঠন
২৪ মে ২০২৬, কলকাতা: সম্প্রতি জামিন পেয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। তার জামিন মঞ্জুর করায় আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলা পক্ষ। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, এই রায় প্রমাণ করেছে যে—সত্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক অধিকার এখনও এদেশে অটুট রয়েছে।
অধ্যাপক চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে কিছু সংবাদমাধ্যম তাঁদের সম্পর্কে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত খবর পরিবেশন করেছে বলে অভিযোগ করেছে বাংলা পক্ষ। বিবৃতিতে বলা হয়, গ্রেফতারির সময় থেকে বিভিন্ন গণমাধ্যমে '২৪ রাউন্ড কার্তুজ' উদ্ধার নিয়ে ভিত্তিহীন গল্প ছড়ানো হয়েছে। এমনকি তাকে 'মাওবাদী' তকমা দেওয়ার পাশাপাশি, বিদেশি শক্তির সাথে যোগাযোগের মতো গুরুতর ও মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যমের একাংশের এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।
বাংলা পক্ষ আরও জানিয়েছে যে, শুরু থেকেই তারা ভারতের সংবিধান ও সার্বভৌমত্বকে মান্য করে আন্দোলন করে আসছে। অতীতেও বিভিন্ন সময় আইন ও প্রশাসনের সাথে সহযোগিতার নজির রয়েছে তাদের। গর্গ চট্টোপাধ্যায়ের এই দুঃসময়ে যেসব আইনজীবী, শুভানুধ্যায়ী, নাগরিক সমাজ এবং দেশ-বিদেশের মানুষ পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে বাংলা পক্ষ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে।
সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, বাংলার বর্তমান সরকার বাংলার মানুষের ও ভূমিপুত্রদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে। পাশাপাশি, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি বাংলা পক্ষ তাদের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।